শনিবার ১৭ অক্টোবর, ২০২৬

আয় বাড়ানোর নতুন সুবিধা আনছে লিংকডইন, যুক্ত হচ্ছে তিন সুবিধা

রাইজিং কুমিল্লা ডেস্ক

প্রতীকি ছবি/সংগৃহীত

পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে আয় করার নতুন সুযোগ তৈরি হচ্ছে। অর্থের বিনিময়ে পরামর্শ নেওয়া, কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ এবং ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্বের সুযোগ দিতে নতুন তিনটি সুবিধা চালু করছে প্ল্যাটফর্মটি। এর ফলে ফ্রিল্যান্সার, পরামর্শক, উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতারা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আয়ের নতুন পথ খুঁজে নিতে পারবেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসাবিষয়ক সাময়িকী ইনকর্পোরেটেডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নতুন সুবিধাগুলোর মাধ্যমে প্রথমবারের মতো লিংকডইনের ভেতরেই সদস্যরা অন্য সদস্যদের কাছ থেকে অর্থের বিনিময়ে বিভিন্ন পেশাগত সেবা নিতে পারবেন।

লিংকডইনের পণ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ডানা টম বলেন, প্ল্যাটফর্মটিতে এই প্রথম সদস্যদের মধ্যে সরাসরি অর্থ লেনদেনের সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি কনটেন্টের কার্যকারিতা মূল্যায়ন এবং সেখান থেকে আয়ের সম্ভাবনা খুঁজে পেতেও নতুন সুবিধাগুলো সহায়তা করবে।

যে তিন সুবিধা যুক্ত হচ্ছে

অর্থের বিনিময়ে পরামর্শসেবা

নতুন সুবিধার আওতায় অভিজ্ঞ পেশাজীবীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরামর্শসেবা দিতে পারবেন। আগ্রহীরা নির্ধারিত সময় বুক করে অর্থ পরিশোধের মাধ্যমে তাঁদের কাছ থেকে ব্যক্তিগত পরামর্শ নিতে পারবেন। এতে পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে।

কনটেন্ট বিশ্লেষণে নতুন ড্যাশবোর্ড

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন ড্যাশবোর্ড চালু করছে লিংকডইন। এর মাধ্যমে অনুসারীর সংখ্যা বৃদ্ধি, পোস্টের কার্যকারিতা এবং দর্শকদের পরিচিতি ও পেশাগত তথ্য বিশ্লেষণ করা যাবে। ফলে কোন ধরনের পোস্ট বেশি সাড়া পাচ্ছে এবং কোন শ্রেণির মানুষের কাছে কনটেন্ট পৌঁছাচ্ছে, তা সহজে বোঝা যাবে।

ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্বের সুযোগ

তৃতীয় সুবিধাটি হলো কনটেন্ট নির্মাতাদের সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের যোগাযোগ ও অংশীদারত্ব তৈরির মার্কেটপ্লেস। এর মাধ্যমে নির্মাতারা নিজেদের কনটেন্ট ও পেশাগত পরিচিতি কাজে লাগিয়ে ব্র্যান্ডের সঙ্গে কাজের সুযোগ খুঁজে পাবেন।

কনটেন্ট থেকে আয়ের সুযোগ বাড়ানোর উদ্যোগ

লিংকডইনের তথ্য অনুযায়ী, গত এক বছরে প্ল্যাটফর্মটিতে নিজের প্রোফাইলে ‘প্রতিষ্ঠাতা’ পরিচয় যুক্ত করা মানুষের সংখ্যা ৭০ শতাংশ বেড়েছে। ২০২২ সালের তুলনায় এ সংখ্যা তিন গুণেরও বেশি হয়েছে বলে প্রতিষ্ঠানটির আগের এক গবেষণায় উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জেনারেশন জেডের ৭৩ শতাংশ সদস্যের একাধিক আয়ের উৎস রয়েছে। অন্যদিকে, ৬৩ শতাংশ উদ্যোক্তা ব্যবসার প্রসার, পরিচিতি বৃদ্ধি কিংবা সরাসরি আয় করার উদ্দেশ্যে কনটেন্ট তৈরি করছেন বলে জানিয়েছেন।

লিংকডইনের পণ্য ও কনটেন্ট বিভাগের পরিচালক স্যাম কোরাও ক্ল্যানন বলেন, বর্তমানে পেশাজীবীদের কর্মজীবন আগের তুলনায় অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ। কেউ পূর্ণকালীন চাকরির পাশাপাশি বাড়তি আয়ের চেষ্টা করছেন, আবার কেউ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করছেন।

নতুন তিন সুবিধার পাশাপাশি লিংকডইন পোস্টে গুরুত্বপূর্ণ মন্তব্য পিন করার সুবিধাও ফিরিয়ে এনেছে। এ ছাড়া ডিজিটাল বিজনেস কার্ড এবং নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী কনটেন্ট নির্মাতাদের ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে আয় করার সুবিধাও যুক্ত করা হচ্ছে।

লিংকডইনের লক্ষ্য, উদ্যোক্তা ও এককভাবে ব্যবসা পরিচালনাকারীরা যেন নিজেদের দক্ষতা, সময় ও কনটেন্ট কাজে লাগিয়ে আয় বাড়ানোর পাশাপাশি সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছাতে পারেন।

সব দেশে এখনই চালু হচ্ছে না

নতুন সুবিধাগুলো সব দেশে একসঙ্গে চালু হচ্ছে না। লিংকডইনের ঘোষণা অনুযায়ী, অর্থের বিনিময়ে পরামর্শ দেওয়ার সুবিধাটি বর্তমানে যুক্তরাষ্ট্রের বিজনেস প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু রয়েছে। অন্য বাজারেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে আয় করার সুবিধাটি নির্বাচিত যুক্তরাষ্ট্রভিত্তিক কনটেন্ট নির্মাতা ও বিজ্ঞাপনদাতাদের নিয়ে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। অন্যদিকে, কনটেন্ট নির্মাতাদের নতুন ড্যাশবোর্ড পর্যায়ক্রমে বিশ্বব্যাপী চালুর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন