শনিবার ১৭ অক্টোবর, ২০২৬

ডান পাশে বালুচোর আর বাম পাশে মামলাবাজ নিয়ে আমি রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - I do not want to engage in politics with sand-thieves on one side and litigious troublemakers on the other — Rumeen Farhana
ডান পাশে বালুচোর আর বাম পাশে মামলাবাজ নিয়ে আমি রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা/ছবি: সংগৃহীত

চাঁদাবাজি, বালু চুরি ও মামলাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। নিজ এলাকায় এসব অন্যায় ও অনিয়মের ঘটনা ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেছেন, প্রয়োজনে নিজেই রাজপথে নেমে প্রতিবাদ করবেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রত্যন্ত পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “আমার এলাকায় চাঁদাবাজি হলে আমি কাউকে চিনি না। আমি তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়াব। ডান পাশে বালুচোর আর বাম পাশে মামলাবাজ নিয়ে আমি রাজনীতি করতে চাই না।”

নিজের আত্মীয়স্বজনকে কোনো ধরনের বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, তাঁর কোনো আত্মীয়কে সারের ডিলারশিপ কিংবা রাস্তার কাজের ঠিকাদারি দিতে হবে না। একইভাবে তাঁর কোনো আত্মীয়কে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে—এমন পরিস্থিতিও তিনি চান না।

নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়মের অভিযোগ থাকলে তা জানানোর আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, তাঁর কোনো কর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে অভিযোগকারীর নাম-পরিচয় গোপন রেখে লিখিতভাবে তাঁকে জানানো যাবে। অভিযোগকারীর পরিচয় প্রকাশ করা হবে না। অভিযোগের সত্যতা ও বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রুমিন ফারহানা আরও বলেন, তাঁর কোনো কর্মী যদি কোনো ভোটারের সঙ্গে সামান্যতম বেয়াদবিও করেন, তাহলে ওই কর্মীর নাম তাঁকে জানাতে হবে। এ ধরনের অভিযোগের বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন।

মতবিনিময় সভায় নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে রুমিন ফারহানা নেতাকর্মীদের অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সতর্ক থাকার বার্তা দেন। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন