
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল ও পৌর যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গোল চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আসাদুজ্জামান দুলাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি পদপ্রার্থী মনজুরুল আলম মজনু, নবীনগর পৌর যুবদলের সাবেক সদস্য সচিব ইমাম হোসেন অনিক, জেলা যুবদলের সদস্য মাহবুবুর রহমান, যুবদল নেতা মনির মৃধা ও জুয়েল মৃধা।
এ ছাড়া উপজেলার ২১টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক কর্মী-সমর্থক সমাবেশ ও মিছিলে অংশ নেন।
নবীনগর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব হাজী মো. আবু কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বক্তব্য দেন। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি জানান এবং নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেন।








