রবিবার ২৬ জুলাই, ২০২৬

চৌদ্দগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বাসস

চৌদ্দগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
চৌদ্দগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু/ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ফুটবল খেলতে গিয়ে পুকুরে ডুবে তাসকিন (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তাসকিন চাঁপাচৌ গ্রামের রাজমিস্ত্রি নবী হোসেনের ছেলে। সে স্থানীয় গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি মাঠে অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল তাসকিন। খেলার একপর্যায়ে বলটি মাঠসংলগ্ন একটি পুকুরে পড়ে যায়। পরে বলটি তুলে আনার উদ্দেশ্যে পুকুরে নামলে সে পানিতে তলিয়ে যায়।

সহপাঠীরা বিষয়টি দ্রুত তার পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় তাসকিনকে পুকুর থেকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুনবতী ইউনিয়ন পরিষদের সদস্য সাদ্দাম হোসেন বলেন, শিশুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বল পুকুরে পড়ে গেলে সেটি আনতে নেমে তাসকিন পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন