
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজিচালক লিটন মিয়া নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যাত্রী আহসান উল্লাহ ছুট্টু।
নিহত লিটন মিয়া চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে। অপর নিহত আহসান উল্লাহ ছুট্টু উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর এলাকার কোরবান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মিয়াবাজার থেকে দুই যাত্রী নিয়ে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন চালক লিটন মিয়া। সিএনজিটি আমানগন্ডা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক লিটন মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত হন সিএনজিতে থাকা দুই যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আহসান উল্লাহ ছুট্টুর মৃত্যু হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাশেম জানান, সিএনজিচালককে পরীক্ষা-নিরীক্ষা করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আহত দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহত চালকের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেক যাত্রী আহসান উল্লাহ ছুট্টুর মৃত্যু হয়।










