সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযানে একদিনে আটক ৩৭০ জন

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - 370 detained in a single day during anti-teen gang drive in Chandpur.
চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযানে একদিনে আটক ৩৭০ জন

চাঁদপুর জেলার সব থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে মোট ৩৭০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুর জেলা পুলিশ জানায়, জেলার সব থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান চালানো হয়। কিশোর গ্যাং, উঠতি বয়সী কিশোরদের অপরাধপ্রবণতা এবং জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কর্মকাণ্ড প্রতিরোধ করাই ছিল অভিযানের মূল লক্ষ্য।

অভিযানে আটক ৩৭০ জনের মধ্যে যাদের মাদক বা অন্যান্য অপরাধের সঙ্গে সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, যাচাই-বাছাই করে যাদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি, তাদের অভিভাবকদের ডেকে সন্তানের বিষয়ে খোঁজখবর রাখা, নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং ভবিষ্যতে অপরাধে জড়িয়ে না পড়ার বিষয়ে সচেতন করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, উঠতি বয়সী কিশোরদের সঠিকভাবে পরিচালনা, কিশোর অপরাধ প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কিশোর অপরাধ প্রতিরোধ, জনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন