
চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন মাছঘাটে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করেছে প্রশাসন। এ সময় ইলিশ মজুতের অপরাধে দুই আড়তদারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। অভিযানে সদর উপজেলা মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানটি চাঁদপুর সদর উপজেলার রনগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিনা, আলুবাজার ফেরিঘাট খাল, আখনের ঘাট, নন্দী ঘাট, রাজরাজেশ্বর ও বড় স্টেশন মাছঘাট এলাকায় পরিচালিত হয়।
এ সময় বড় স্টেশন মাছঘাটে ইলিশ মজুতের অপরাধে দুই আড়তদার মো. সেলিম ও মো. রফিককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়।
শনিবার সকাল ১০টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
তিনি জানান, জব্দ করা কারেন্টজাল ও ইলিশের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশ সংরক্ষণে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।










