
মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে এসব কাগজপত্র হালনাগাদ করা যাবে।
রোববার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে সকল প্রকার মোটরযানের কাগজপত্র—ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ সময়ের মধ্যে জরিমানা ছাড়াই নির্ধারিত মূল কর ও ফি জমা দিয়ে সংশ্লিষ্ট কাগজপত্র হালনাগাদ করা যাবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো এই সময়সীমাই শেষবারের মতো সময় বৃদ্ধি। ফলে সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার আহ্বান জানানো হয়েছে।









