
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো. আলমগীর হোসেন (৫০) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হাঁড়ি সর্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন পাবনা জেলার আমিনপুর থানার রাজা নারায়ণপুর গ্রামের মৃত আবদুল করিম মৃধার ছেলে। তিনি শ্যামলী এনআর ট্রাভেলস পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী এনআর ট্রাভেলসের একটি বাস হাঁড়ি সর্দার এলাকায় পৌঁছালে সামনে থাকা সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহনের একটি বাস হঠাৎ কোনো সংকেত ছাড়াই মহাসড়কের বাঁ পাশে থামানোর চেষ্টা করে। এ সময় পেছনে থাকা শ্যামলী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শ্যামলী বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
সংঘর্ষে গুরুতর আহত হন বাসটির সুপারভাইজার আলমগীর হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামনের বাসটি কোনো ধরনের সংকেত ছাড়াই হঠাৎ সড়কের পাশে থামানোর চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উভয় বাসের চালক পালিয়ে গেছেন।”
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।










