
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজটে আটকে অ্যাম্বুলেন্সের ভেতরেই আমিরুন্নেছা (৬০) নামে এক নারী রোগীর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, গুরুতর হৃদ্রোগে আক্রান্ত ওই নারীকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি। সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় তার মৃত্যু হয়।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে মহাসড়কের দাউদকান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার রাতে আমিরুন্নেছা গুরুতর হৃদ্রোগে আক্রান্ত হলে আশঙ্কাজনক অবস্থায় রাত ৮টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে নেওয়া হয়। রাত ১১টার দিকে দাউদকান্দি এলাকায় পৌঁছানোর পর সড়ক সংস্কারকাজের কারণে সৃষ্ট তীব্র যানজটে অ্যাম্বুলেন্সটি আটকা পড়ে।
তিনি বলেন, ঘণ্টার পর ঘণ্টা অ্যাম্বুলেন্সটি যানজটে আটকে ছিল। একপর্যায়ে রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সের ভেতরেই আমিরুন্নেছার মৃত্যু হয়।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আমিরুন্নেছা নামের কোনো রোগী চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন—এমন তথ্য তার জানা নেই।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আশারিয়ারচর এলাকায় ঢাকামুখী লেনে সড়ক সংস্কারকাজ শুরু হয়। এতে মহাসড়কের একটি লেন বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে এ যানজট শনিবার সকাল ১১টা পর্যন্ত স্থায়ী হয়।
টানা প্রায় ২৭ ঘণ্টার যানজটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী হাজার হাজার যাত্রী ও চালক চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনগুলোও দীর্ঘ সময় আটকে থাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, আশারিয়ারচর সেতু এলাকায় সড়ক সংস্কারের কারণে মহাসড়কের একটি লেন বন্ধ ছিল। ফলে অতিরিক্ত যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, বর্তমানে মহাসড়কের কুমিল্লা অংশে যানজট কেটে গেছে এবং যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।










