শুক্রবার ৯ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে ৩৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ পিকআপ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দিতে ৩৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ পিকআপ

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্টে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ এবং মো. জাকারিয়া ইদ্রীস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মডেল থানাধীন মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে এ অভিযান পরিচালনা করা হয়।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল সেখানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়।

পুলিশ জানায়, তল্লাশির একপর্যায়ে একটি পিকআপের চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থানে তল্লাশি চালানো হয়। সেখানে ৩৩টি জ্যামিতি বক্সের মধ্যে মোট ১৮০টি প্যাকেটে রাখা ৩৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মো. জাকারিয়া ইদ্রীস কক্সবাজার জেলার টেকনাফ থানার রাঙ্গাখালী এলাকার নীলার বাসিন্দা। তিনি মৃত শফিকুর রহমান ও ফাতেমা খাতুনের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা এবং জব্দ করা পিকআপের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন