
পেসার তাসকিন আহমেদকে ফিরিয়ে এনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ একমাত্র টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন তাসকিন। চলতি বছর বাংলাদেশের হয়ে চারটি টেস্ট খেলেছেন এই ডানহাতি পেসার। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তিন ইনিংসে ৪ উইকেট শিকার করেছিলেন তাসকিন। ২০১৭ সালে অভিষেকের পর ২১ টেস্টে ৩৯.১৮ গড়ে ৫৯ উইকেট শিকার করেছেন তিনি।
আফগানিস্তান বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন সৈয়দ খালেদ আহমেদ ও সৌম্য সরকার। দলে থাকলেও এদের কেউই আফগানিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পাননি।
ডান নিতম্বে চোটের কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি অধিনায়ক লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে তাকে।
দলে জায়গা ধরে রেখেছেন স্পিনার নাইম হাসান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে ট্রাভেলিং রিজার্ভ তালিকায় ছিলেন তিনি। পরে দলের প্রয়োজনে একাদশে জায়গা করে নেন নাইম। দুই ইনিংসে ২৪ ওভার বল করে কোনো উইকেট শিকার করতে পারেননি এই অফ-স্পিনার।
ইনজুরি থেকে এখনও সুস্থ হয়ে উঠতে না পারায় দলের রাখা হয়নি পেসার নাহিদ রানাকে।
আগামী ২৮ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৫ নভেম্বর থেকে সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রতিযোগিতার চলতি চক্রে এ পর্যন্ত ৬ ম্যাচে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ১২ ম্যাচে ২০.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ টেস্ট দল : নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।










