বৃহস্পতিবার ২১ মে, ২০২৬

কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত
কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত/ ছবি: সংগৃহীত

কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২১ মে) আয়োজিত এ অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনের জন্য ফায়ারিং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, প্রতিবছর আয়োজিত এ প্রতিযোগিতা সেনাসদস্যদের দক্ষতা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় গত ১৬ মে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

এবারের প্রতিযোগিতায় সৈনিক পিয়াল মন্ডল (১৭ পদাতিক ডিভিশন) শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন। এছাড়া সৈনিক তানভীর হোসেন (১০ পদাতিক ডিভিশন) দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার এবং সৈনিক জবা আক্তার (২৪ পদাতিক ডিভিশন) শ্রেষ্ঠ মহিলা ফায়ারার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), কমান্ড্যান্ট বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়াসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাসদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন