
হকারদের পুনর্বাসন এবং সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
এ উদ্যোগের অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) নগরীর ১০১ জন হকার কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুর কাছে কুমিল্লা সিটি মার্কেটে দোকান বরাদ্দের আবেদনপত্র জমা দিয়েছেন।
আবেদনপত্র গ্রহণের পর প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। সংশ্লিষ্টরা মনে করছেন, হকারদের জন্য স্থায়ী ব্যবসার সুযোগ সৃষ্টি হলে একদিকে যেমন তাদের কর্মসংস্থান নিশ্চিত হবে, অন্যদিকে নগরীর ফুটপাত দখলমুক্ত রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাও সহজ হবে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে নগর ব্যবস্থাপনা উন্নয়ন এবং হকারদের পুনর্বাসনের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দোকান বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হলে নগরীতে শৃঙ্খলাবদ্ধ ব্যবসায়িক পরিবেশ গড়ে ওঠার পাশাপাশি যানজট ও পথচারীদের ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে।










