বুধবার ৩ জুন, ২০২৬

কুমিল্লা শহরে ক্যাবল জট অপসারণে ১৫ দিনের আল্টিমেটাম কুসিকের

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লা শহরে ক্যাবল জট অপসারণে ১৫ দিনের আল্টিমেটাম কুসিকের
কুমিল্লা শহরে ক্যাবল জট অপসারণে ১৫ দিনের আল্টিমেটাম কুসিকের/ছবি: সংগৃহীত

কুমিল্লা শহরের সড়ক ও অলিগলিতে ঝুলে থাকা ক্যাবল টিভি ও ইন্টারনেট নেটওয়ার্কের তারের জট, পরিত্যক্ত ও বিশৃঙ্খল সংযোগ অপসারণে কঠোর নির্দেশনা জারি করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। নগরীর নিরাপত্তা, সৌন্দর্য ও নাগরিক স্বস্তি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২ জুন) কুমিল্লা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মামুন স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, শহরের বিভিন্ন সড়ক, বিদ্যুতের খুঁটি ও অবকাঠামোর সঙ্গে ঝুলে থাকা ক্যাবল তারের কারণে জনজীবনে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ঝড়-বৃষ্টির সময় এসব তার ছিঁড়ে পড়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে, পাশাপাশি বিদ্যুতের লাইনের সঙ্গে ঘর্ষণে বড় ধরনের বিপদের আশঙ্কাও রয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, অগোছালো ক্যাবল সংযোগ নগরীর সৌন্দর্যহানি ঘটাচ্ছে এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন অংশীজনের অভিযোগ ও সমন্বয় সভার আলোচনার পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ অবস্থায় সকল ক্যাবল টিভি ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদের নেটওয়ার্কের তারগুলো গুচ্ছ বা বান্ডিল আকারে সুবিন্যস্ত করা, জট নিরসন এবং পরিত্যক্ত ক্যাবল অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে জনস্বার্থে কুসিক নিজ উদ্যোগে এসব তার অপসারণ ও বিচ্ছিন্নকরণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

নগর কর্তৃপক্ষ পরিচ্ছন্ন, নিরাপদ ও দৃষ্টিনন্দন কুমিল্লা গড়তে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

আরও পড়ুন