
আগামী ১০ বছরেও দেশে সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
তিনি বলেছেন, ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না। গত ১৭ বছরে ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। যারা ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের প্রমাণসহ তালিকা দিন। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা কারও ওপর জুলুম বা অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে ছেড়ে দেব না।’
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের প্রসঙ্গ উল্লেখ করে সেলিম ভূঁইয়া বলেন, নুরুল ইসলাম নাহিদকে আটকের পর অনেকে সমালোচনা করছেন। একজন বয়স্ক মানুষকে আটক করা হয়েছে বলে তারা প্রশ্ন তুলছেন। অথচ অতীতে বিএনপি নেতা এম কে আনোয়ারকেও ৮৬ বছর বয়সে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। তাঁকে ধরে ধরে আদালতে ওঠানো হতো, এমনকি হ্যান্ডকাফও পরানো হয়েছিল।
নিজের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা ও নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাকেও হ্যান্ডকাফ পরিয়ে টেনে টেনে আদালতে নেওয়া হতো। আমি ৪০টি মামলার আসামি ছিলাম। পুলিশ, র্যাব ও ডিবি দিয়ে আমাকে তুলে নেওয়া হয়েছিল। অভিযোগ করা হয়েছিল, আমি নাকি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দিয়েছি। আমরা এত কিছু সহজে ভুলে যাইনি।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করি না। তবে কেউ আমাদের দুর্বল মনে করলে তাকে ছাড় দেওয়া হবে না।’
বিগত ১৭ বছরে পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপনের বিষয়েও সমালোচনা করেন সেলিম ভূঁইয়া। তিনি বলেন, ওই সময়ে পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এসব বিষয় বইয়ে লেখার সঙ্গে শিক্ষকদেরও সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেন তিনি।
১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে সেলিম ভূঁইয়া বলেন, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপনের বিষয়টি নিয়ে তাঁর প্রশ্ন রয়েছে। তাঁর ভাষ্য, ১৯৭৪ সালের দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় মারা গেছে, এমনকি মৃতদেহ দাফন করার মতো লোকও পাওয়া যায়নি।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
সম্মেলন পরিচালনা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহার দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নেছার আহমেদ রাজু।









