শনিবার ২১ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় দুই দিনে ২৮৮ জন আটক, ২০৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

/ছবি: সংগৃহীত

কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় ২৮৮ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের ৬৪ জন নেতাকর্মী রয়েছেন। এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজনদেরও আটক করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকি ৮১ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন