সোমবার ১৮ মে, ২০২৬

এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় হচ্ছে নতুন আইন

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - New law to govern RAB as an elite force
এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় হচ্ছে নতুন আইন/ছবি: সংগৃহীত

পুলিশের এলিট ফোর্স র‍্যাব পরিচালনার জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আগামী দিনে মানবাধিকার সমুন্নত রেখে র‍্যাব তার সব কার্যক্রম পরিচালনা করবে।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে র‍্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের কিছু ধারার অধীনে পরিচালিত হচ্ছে, যা দীর্ঘদিন ধরে ‘অ্যাডহক’ ভিত্তিতে চলছে। একটি বাহিনী এভাবে পরিচালিত হওয়া ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা র‍্যাবের জন্য আলাদা আইন করছি। সেখানে বাহিনীর ক্ষমতা, দায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করা হবে।”

র‍্যাবের নাম পরিবর্তন করা হবে কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে বাহিনীটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। ফ্যাসিবাদী সরকার একদলীয় শাসন কায়েমের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করেছে। সে কারণেই যুক্তরাষ্ট্র র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল, যা এখনো বহাল রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি।

আরও পড়ুন