রবিবার ৩ মে, ২০২৬

ঈদুল আজহায় কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার, উদ্বৃত্ত থাকতে পারে ২২ লাখের বেশি

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Eid cow
ছবি: রাইজিং কুমিল্লা

চলতি বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী আমান উর রশিদ। বরং সম্ভাব্য চাহিদার তুলনায় উল্লেখযোগ্য সংখ্যক পশু উদ্বৃত্ত থাকবে বলেও জানান তিনি।

রোববার (৩ মে) সচিবালয়ে কোরবানির পশু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রী।

তিনি জানান, এ বছর কোরবানির জন্য দেশে পশুর সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে দেশে প্রাপ্যতা রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু। সে হিসেবে প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে।

প্রজাতিভিত্তিক হিসাব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে গরু ও মহিষ রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি। এছাড়া ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি। উট ও দুম্বা জাতীয় প্রাণীর সংখ্যা রয়েছে ৫ হাজার ৬৫৫টি।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। কোরবানিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপব্যবহার বা অনিয়ম না হয়, সে বিষয়েও নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে রাজধানী ঢাকায় এবার ২৬টি অস্থায়ী পশুর হাট বসবে বলেও জানান মন্ত্রী।

সরকারের পক্ষ থেকে কোরবানিকে ঘিরে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।

আরও পড়ুন