মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬

স্থানীয় সরকারের সব অফিসের ছাদে পর্যায়ক্রমে বসবে সোলার প্যানেল: এলজিআরডি প্রতিমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Solar panels to be installed in phases on the rooftops of all local government offices- LGRD State Minister
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে পর্যায়ক্রমে বসবে সোলার প্যানেল: এলজিআরডি প্রতিমন্ত্রী/ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সব সরকারি অফিস ভবনের ছাদে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত দুটি পৃথক সভায় এ কথা জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, উদ্যোগটি শুধু কেন্দ্রীয় পর্যায়ের সরকারি কার্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি অফিসগুলোও সৌরবিদ্যুতের আওতায় আনা হবে।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব সরকারি সেবা অবকাঠামো গড়ে তোলা সম্ভব হবে।

সোলার প্যানেল স্থাপনে নেট মিটারিং ও হাইব্রিড সিস্টেম ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এতে সৌর প্যানেলে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সন্ধ্যার পরও সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ থাকবে। এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক সহায়তার বিষয়টিও সরকার বিবেচনা করছে।

সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে বেসরকারি খাতের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতাও কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির মতো প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কারিগরি সহায়তা নেওয়া এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সরকারি ব্যয় সাশ্রয় এবং পরিবেশবান্ধব উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এ কার্যক্রমের অগ্রগতিও নিয়মিত পর্যবেক্ষণ করছেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অগ্রাধিকার অনুযায়ী সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এর আগে গত ১৭ আগস্টের সভার সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দুজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে পৃথক দুটি কমিটি গঠন করা হয়। কমিটিগুলো সংশ্লিষ্ট বিভাগের আওতাধীন কোন কোন সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করা সম্ভব, তা চিহ্নিত করেছে।

একই সঙ্গে চিহ্নিত ভবনগুলোর ছাদের মোট আয়তন, সম্ভাব্য ব্যয় এবং প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জগুলোও পর্যালোচনা করা হয়েছে।

সভায় জানানো হয়, সরকারি কার্যালয়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে গত ১০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা জারি করে। এর ধারাবাহিকতায় স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদ, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

আরও পড়ুন