
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম আরও জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি সামগ্রী বিতরণের পরিকল্পনা চূড়ান্ত করতে পাঁচ ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনের ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটারসংখ্যার জেলাভিত্তিক বিস্তারিত তথ্য চেয়েছে সংস্থাটি।
এ জন্য মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বুধবার (২৫ নভেম্বর) মধ্যে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনি সামগ্রী যথাযথভাবে বিতরণ এবং এ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়নের জন্য পাঁচ ধাপের জেলাভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটারসংখ্যার সুনির্দিষ্ট হিসাব প্রয়োজন। এ লক্ষ্যে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন ইতোমধ্যে পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের রোডম্যাপ ও ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।
রোডম্যাপ অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের নির্বাচন হবে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম তথা শেষ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ মে।
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার পর পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের পরিকল্পনাও রয়েছে নির্বাচন কমিশনের।









