
আওয়ামী লীগের চলমান কর্মসূচি ও বিভিন্ন অপতৎপরতায় জনগণ ও সরকার মোটেও শঙ্কিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ও পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের তথাকথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব অপতৎপরতা চালানো হয়েছে।
তিনি জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় মোটরসাইকেলসহ কয়েকজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাইকোর্ট ফটক ও যাত্রাবাড়ীর ঘটনায় জড়িতদের ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অন্যান্য ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ ও সরকার এসব অপতৎপরতায় মোটেও শঙ্কিত নয়। দেশবাসী ইতোমধ্যে তাদের বর্জন ও প্রত্যাখ্যান করেছে।
বিরোধী দলের সাম্প্রতিক লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে যেকোনো রাজনৈতিক দলের গঠনমূলক সমালোচনা ও কর্মসূচি পালনের অধিকার রয়েছে। সম্প্রতি চট্টগ্রাম ও উত্তরাঞ্চলে বিরোধী দলের লংমার্চগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সার্বিক সহযোগিতা করেছে।
রাজনীতিতে জনমতের মাধ্যমেই সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত হবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের প্রধান দায়িত্ব শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করে যেকোনো অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা।
গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খননের পরিকল্পনা
বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং অতীতে দেশীয় গ্যাস অনুসন্ধানে উদাসীনতার কারণে সংকট তৈরি হয়েছে। বিগত আমলের পুঞ্জীভূত সমস্যার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাময়িক সংকট দেখা দিলেও বর্তমান সরকার দেশের নিজস্ব সম্পদ আহরণে গুরুত্ব দিয়েছে।
দেশের শিল্পখাতে গ্যাসের ধারাবাহিক সরবরাহ বজায় রাখতে ২০৩০-৩১ সালের মধ্যে নতুন ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, এরই অংশ হিসেবে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে ইতোমধ্যে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। নিজস্ব প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ দ্রুত গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটের স্থায়ী সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তেজগাঁওয়ে ২৩ জন আটক, ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে
রাজধানীর তেজগাঁওয়ের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত শুক্রবার তেজগাঁওয়ের একটি মসজিদে নামাজ শেষে গোপন বৈঠকে বসার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, এমন ১১ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বাকি ব্যক্তিদের বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি নতুন উগ্রবাদী সংগঠন গড়ে তোলার চেষ্টা করছিলেন বলে জানান মন্ত্রী।
যেকোনো ধরনের উগ্রবাদী তৎপরতার বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রিমান্ডে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।










