
সুনামগঞ্জে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় জড়িত অবৈধভাবে বিদেশ পাঠানোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, অবৈধ পথে বিদেশ পাঠানোর সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দেশে কিংবা বিদেশে অবস্থান করলেও তাদের তথ্য সংগ্রহ করে আইনের আওতায় আনতে হবে।
মন্ত্রী সুনামগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দিয়ে বলেন, গত মার্চে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১০ জন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুনামগঞ্জের দুটি থানায় দায়ের করা মামলার সব তথ্য আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
তিনি বলেন, ‘শুধু স্থানীয়দের তথ্য দিলে হবে না। এর সঙ্গে জড়িতদের কেউ প্রবাসে থাকলেও তাদের ডাটা সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠাবেন।’
প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে বিদেশে অবস্থানরত অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রয়োজনে আমরা ওই দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে প্রবাস থেকে তাদের ধরে নিয়ে আসব। আমি কিন্তু এক সপ্তাহ পরে এ ব্যাপারে জানতে চাইব। কাজেই ডিআইজি সাহেব ও পুলিশ সুপার বিষয়টি সিরিয়াসলি খেয়াল করবেন।’
নিহতদের পরিবার থেকে সদস্যদের মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ
মন্ত্রী জানান, মালয়েশিয়া সরকারের দেওয়া বিনা খরচে ১০ হাজার কর্মী নেওয়ার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ভূমধ্যসাগরে দুর্ঘটনায় নিহত সুনামগঞ্জের প্রতিটি পরিবারের একজন করে সদস্যকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর বিষয়টি সরকার বিশেষভাবে বিবেচনা করবে।
পাঁচ সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র
নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগের কথাও জানান মন্ত্রী।
তিনি বলেন, যুবকদের প্রশিক্ষণ দিয়ে বৈধ পথে বিদেশে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে। এজন্য আরবি, জাপানি, কোরিয়ান ও ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এ কাজে পরিত্যক্ত সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করা যেতে পারে। স্থানীয়ভাবে শিক্ষক ও প্রশিক্ষকের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা সরকার দেবে।
তিনি জনপ্রতিনিধিদেরও এ কার্যক্রম বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
অনুষ্ঠানের শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম ‘অবৈধ পথে বিদেশ গমন: বিপদ ও বাস্তবতা’ বিষয়ে একটি বাস্তবধর্মী প্রেজেন্টেশন উপস্থাপন করেন।









