
গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষার দীর্ঘ পথচলার স্মারক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম এবং জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির।
এ ছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ভিক্টোরিয়া কলেজের বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা রাজনৈতিক দলের সাবেক ভিপি, জিএস ও এজিএসসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে কলেজের দীর্ঘ ১২৭ বছরের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান এবং বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির অর্জনের বিষয়গুলো তুলে ধরা হয়। এ সময় কলেজের ঐতিহ্য ও সুনাম ধরে রেখে শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্য ও বন্ধনের এক মিলনমেলায় পরিণত হয়।









