
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় এক দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)। আটককালে তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান। পরবর্তীতে ২০১৫ সালে তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। পরে ভারতের হাইলাকান্দি জেলার লালা গ্রামের তাজ উদ্দিন লস্করের মেয়ে হুসনা বেগম লস্করকে বিয়ে করেন।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, বিজিবি আটক দুজনকে থানায় সোপর্দ করেছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। বিজিবির পক্ষ থেকে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









