বৃহস্পতিবার ৫ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হ্যাটট্রিক জয় চাঁদপুরের সন্তান মাসুদুর রহমানের

আান্তর্জাতিক ডেস্ক

Rising Cumilla - Masudur Rahman
এমডি মাসুদুর রহমান/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন রাজনীতিক। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের স্টেট সিনেট নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী এমডি মাসুদুর রহমান।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে পরাজিত করে নিজের আসন ধরে রাখেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম সিটি ইনসাইডার প্রকাশিত প্রাথমিক ফলাফলে মাসুদুর রহমানের বিজয়ের তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে নির্বাচনে তাঁর প্রাপ্ত ভোটের সুনির্দিষ্ট সংখ্যা এখনো চূড়ান্তভাবে প্রকাশ করা হয়নি।

এমডি মাসুদুর রহমান বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের ঐতিহ্যবাহী পাটওয়ারী বাড়ির প্রয়াত নুরুল হক পাটওয়ারীর সন্তান।

২০২২ সালে প্রথমবারের মতো কানেকটিকাট অঙ্গরাজ্যের স্টেট সিনেটর নির্বাচিত হয়ে রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন তিনি। এরপর ২০২৪ সালের নির্বাচনেও জয়লাভ করে দ্বিতীয়বারের মতো সিনেটর নির্বাচিত হন। সর্বশেষ ২০২৬ সালের নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো বিজয়ের কৃতিত্ব অর্জন করেন এই বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক।

হাজীগঞ্জ ও চাঁদপুরে আনন্দ-উচ্ছ্বাস

মাসুদুর রহমানের টানা তৃতীয়বার নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর জন্মস্থান হাজীগঞ্জসহ চাঁদপুরজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বিশেষ করে তাঁর নিজ ইউনিয়ন বড়কুল পূর্ব এবং সোনাইমুড়ী গ্রামের মানুষের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

স্থানীয় বাসিন্দারা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে তাঁর বিজয় উদযাপন করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে।

গ্রামের স্বজন ও এলাকাবাসী জানান, প্রবাসে থেকেও মাসুদুর রহমান তাঁর কর্ম ও সাফল্যের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি তুলে ধরছেন। যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দেশের অঙ্গরাজ্য পর্যায়ের রাজনীতিতে তাঁর এই ধারাবাহিক সাফল্য শুধু হাজীগঞ্জ কিংবা চাঁদপুরের জন্য নয়, বরং পুরো বাংলাদেশের মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়।

আরও পড়ুন