
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সরকারি দল বাজেট দেবে আর বিরোধীদল তার সমালোচনা করবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সরকার ও বিরোধীদল মিলেই এমন একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে, যাতে সাধারণ মানুষের জীবনে স্বস্তি নেমে আসে।
মঙ্গলবার (২৬ মে) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, বিরোধীদলের গঠনমূলক সমালোচনাকে সরকার স্বাগত জানাবে। সংসদে বিরোধীদল যেন তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে, সেজন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, “সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সহযোগিতার মনোভাব আমি আগের সংসদ অধিবেশনেও দেখেছি। এখনও আশা করি সেই কো-অপারেশন বজায় থাকবে। উভয় দলের সম্মিলিত প্রচেষ্টায় এমন বাজেট আসবে, যা জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।”
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বর্তমান সংসদ জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে বলেই তার বিশ্বাস। ভবিষ্যতে সংসদ সদস্যরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্যাহ কাওছারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ।








