রবিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি খরচে আইনি সেবা পেলেন ১৮ লাখ ৪৬ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla -1.846 million people received legal services at government expense.
সরকারি খরচে আইনি সেবা পেলেন ১৮ লাখ ৪৬ হাজার মানুষ/ছবি: সংগৃহীত

আর্থিক সংকটের কারণে কোনো মানুষ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই অসচ্ছল ও বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তা দিয়ে আসছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত দেশের ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন মানুষ এ সেবা পেয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সবচেয়ে বেশি ১৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন আইনি সহায়তা পেয়েছেন। এ ছাড়া সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩১ হাজার ২২২ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৫১৪ জন আইনি সহায়তা পেয়েছেন। পাশাপাশি সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল ফ্রি নম্বর ১৬৬৯৯-এর মাধ্যমে ২ লাখ ১৪ হাজার ৪৭১ জন আইনি পরামর্শ ও সহায়তা পেয়েছেন।

এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্ম ও ফেসবুক মেসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমে ৩৮০ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে।

শুধু আইনি সহায়তা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম। আইন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত ২ লাখ ৩৬ হাজার ৪৩৫ জনকে সচেতন করা হয়েছে।

সব মিলিয়ে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সরকারি আইনি সহায়তা কার্যক্রমের আওতায় সুবিধাভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন।

আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ ও বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় এসব সেবা দেওয়া হচ্ছে। অর্থের অভাবে যাতে কোনো মানুষ আইনি অধিকার থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই সরকারি উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন