
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে ভোজ্যতেল সয়াবিনের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বৃদ্ধি করে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। বিশ্ববাজারে পণ্যের উৎসে দাম বাড়ার ফলে এই সমন্বয় করতে হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা আশা করি ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এতে বাজারে তেলের সরবরাহ পরিস্থিতি আগের তুলনায় আরও স্বাভাবিক হবে।”
সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির ধারাবাহিকতায় ভোজ্যতেলের নতুন এই মূল্যবৃদ্ধি ভোক্তাদের ওপর আরও চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এই বাড়তি ব্যয় নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ভোজ্যতেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে।









