শনিবার ২৯ আগস্ট, ২০২৬

‘লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার’

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Reward for information leading to the recovery of looted weapons
‘লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার’/ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র কোথাও মজুত করা হয়েছে বা কারও কাছে রয়েছে—এমন তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার করা সম্ভব হলে তথ্যদাতাকে ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, লুট হওয়া অস্ত্র কোথাও মজুত করা হয়েছে কিংবা কারও কাছে রয়েছে—এমন কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার করা গেলে তথ্যদাতাকে ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ও সুযোগ-সুবিধার চাহিদার কথা তুলে ধরেন। এসব বিষয়ে সরকার কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

আরও পড়ুন