বৃহস্পতিবার ৬ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন: ১৩ আগস্ট মনোনয়ন, ভোটগ্রহণ ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Bangabhaban, the official residence of the President of Bangladesh.
রাষ্ট্রপতির সরকারি বাসভবন/ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল এবং ১৬ আগস্ট যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে এ তফসিল চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন এবং জাতীয় সংসদের অধিবেশন কক্ষকে কেন্দ্র করেই পুরো নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হবে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। আর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। পরবর্তী সময়ে নির্বাচন-সংক্রান্ত সব অগ্রগতি ও হালনাগাদ তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর সরকার পরিবর্তন হলেও তিনি রাষ্ট্রপতির দায়িত্বে বহাল ছিলেন। পরে গত ২৪ জুলাই তিনি পদত্যাগ করেন। বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব অস্থায়ীভাবে পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আরও পড়ুন