
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি মেরামত শেষে ঢাকায় এসে পৌঁছেছে।
রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিএম (পিআর) বোসরা ইসলাম এক বার্তায় জানান, রোম থেকে উড়োজাহাজটি রোববার দুপুরে ঢাকায় পৌঁছাবে। একই সঙ্গে এ ঘটনায় যাত্রীদের ধৈর্য ধারণের জন্য ধন্যবাদ জানান তিনি।
বিমান সূত্র জানায়, রোমে আটকে থাকা উড়োজাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলী দল পাঠানো হয়। প্রকৌশলী দল ও যন্ত্রাংশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।
রোমে পৌঁছানোর পর প্রকৌশলীরা বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটির কারিগরি ত্রুটি নিরসনে কাজ শুরু করেন। মেরামত শেষে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
এর আগে শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর থেকে ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে ছিল।
বিজি-৩০৬ ফ্লাইটটি গত বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।
উড়োজাহাজটিতে আড়াই শতাধিক যাত্রী ছিলেন। উড়োজাহাজটি রোমে আটকে যাওয়ার পর সেখানে অবস্থানরত যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের খাবারসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তাও দেওয়া হয়।










