রবিবার ৯ আগস্ট, ২০২৬

এটিএমে কার্ড আটকে যাওয়ার দিন শেষ, স্পর্শ করিয়েই মিলবে টাকা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

সিটি ব্যাংকের নতুন প্রযুক্তির এটিএম বুথ/ছবি: সংগৃহীত

টিএম বুথে টাকা তুলতে গিয়ে কার্ড আটকে যাওয়ার বিড়ম্বনা কমাতে দেশে চালু হয়েছে নতুন প্রযুক্তি। এখন এটিএম মেশিনে কার্ড প্রবেশ না করিয়েই নির্দিষ্ট স্থানে স্পর্শ করিয়ে টাকা তোলাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা নেওয়া যাবে।

বেসরকারি খাতের সিটি ব্যাংক তাদের এটিএম নেটওয়ার্কে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তির এই সুবিধা চালু করেছে। তবে এ সুবিধা শুধু সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য সীমাবদ্ধ নয়; অন্য ব্যাংকের গ্রাহকেরাও নির্দিষ্ট শর্তে এটি ব্যবহার করতে পারবেন।

সিটি ব্যাংক জানিয়েছে, এরই মধ্যে তাদের ৭০ থেকে ৮০টি এটিএমে এনএফসি প্রযুক্তি চালু করা হয়েছে। ভবিষ্যতে নতুন এটিএম স্থাপন কিংবা পুরোনো মেশিন পরিবর্তনের সময়ও এনএফসি সুবিধাযুক্ত মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে।

প্রচলিত এটিএমে কার্ড নির্দিষ্ট স্লটে ঢোকানোর পর মেশিন কার্ডের তথ্য পড়ে। তবে বিদ্যুৎ বিভ্রাট, যন্ত্রের ত্রুটি কিংবা অন্য কোনো সমস্যার কারণে অনেক সময় কার্ড মেশিনের ভেতরে আটকে যায়। বিশেষ করে অন্য ব্যাংকের কার্ড ব্যবহারকারীদের এমন ভোগান্তিতে পড়ার অভিযোগ রয়েছে।

এনএফসি প্রযুক্তিতে কার্ড মেশিনের ভেতরে প্রবেশ করাতে হয় না। ফলে কার্ড আটকে যাওয়ার ঝুঁকি থাকছে না। একই সঙ্গে বারবার কার্ড ঢোকানো ও বের করার কারণে কার্ডের চিপ বা ম্যাগনেটিক স্ট্রিপ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও কমবে।

নিরাপত্তার দিক থেকেও NFC প্রযুক্তিকে তুলনামূলকভাবে নিরাপদ বলে মনে করছেন ব্যাংক কর্মকর্তারা। প্রচলিত এটিএমে স্কিমিং ডিভাইসের মাধ্যমে কার্ডের তথ্য চুরির ঝুঁকি থাকলেও এনএফসি প্রযুক্তিতে কার্ড ও এটিএমের মধ্যে তারবিহীন সংকেতের মাধ্যমে তথ্য আদান-প্রদান হয়। এতে কার্ডের তথ্য চুরি বা ক্লোন করার ঝুঁকি কমে বলে দাবি সিটি ব্যাংকের।

সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার বলেন, গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করেই নতুন প্রযুক্তির এটিএম চালু করা হয়েছে। কার্ড মেশিনে প্রবেশ না করিয়েই গ্রাহকেরা দ্রুত ও স্বচ্ছন্দে লেনদেন করতে পারবেন।

সিটি ব্যাংকের এটিএমে এনএফসি সুবিধা চালু হলেও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থার আওতায় অন্য ব্যাংকের গ্রাহকেরাও এই সুবিধা ব্যবহার করতে পারবেন। তবে আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য ফি দিতে হবে।

ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, এটিএম ব্যবহারে গতি ও নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি কার্ড আটকে যাওয়ার মতো প্রচলিত সমস্যার সমাধানেও স্পর্শহীন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে এনএফসি সুবিধাযুক্ত কার্ড ও এটিএমের ব্যবহার বাড়লে দেশের এটিএম সেবায় এ প্রযুক্তির বিস্তার আরও বাড়তে পারে।

আরও পড়ুন