
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, ‘জুলাই যোদ্ধারা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে। এই কথাটি শুধু মুখে বললে হবে না, আমাদের সবাইকে তা কর্মে ও অন্তরে ধারণ করতে হবে।’
শনিবার (৮ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাকারিয়া তাহের বলেন, জুলাই আন্দোলনকারীরা একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করেছিলেন। আমাদের দায়িত্ব হলো এমন একটি বাংলাদেশ গড়ে তুলে তাদের সেই প্রত্যাশা পূরণ করা। ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালে দেশের মানুষের মুক্তি ও স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
তিনি বলেন, ‘আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, সবাই একটি শপথ গ্রহণ করি—শহীদদের ত্যাগ বৃথা যেতে দেব না। বর্তমান প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। বিগত ১৫ বছরের দুঃশাসনে দেশ জর্জরিত হয়ে পড়েছিল। এখন যার যার অবস্থান থেকে দেশ গড়ার কাজে সহযোগিতা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আপনাদের কথা দিচ্ছি, ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে সঠিক পথে নিয়ে যাবে। আমরা যদি যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, ইনশাআল্লাহ দেশের চেহারা বদলে যাবে।’
কুমিল্লার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে গৃহায়ণমন্ত্রী বলেন, ‘আমার মন্ত্রণালয় থেকে অন্যান্য শহীদ পরিবার যে ধরনের সুযোগ-সুবিধা পাবে, ইনশাআল্লাহ কুমিল্লার শহীদ পরিবারগুলোও তা পাবে। সরকার ঘোষিত কোনো সুযোগ-সুবিধা যদি কোনো শহীদ পরিবার না পেয়ে থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করব।’
‘জুলাই যোদ্ধাদের ত্যাগ ভুলতে দেওয়া হবে না’
আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য চৌধুরী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা দীর্ঘদিনের স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছে। তাদের আত্মত্যাগ কখনো ভুলে যেতে দেওয়া হবে না।
তিনি বলেন, ‘আমরা জুলাইকে মনেপ্রাণে বিশ্বাস করি ও ধারণ করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ দেশের পথ হারানোর কোনো সুযোগ নেই।’
জুলাই যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তোমাদের যুগের মানুষ। তিনি তোমাদের ত্যাগ, তোমাদের ব্যথা ও তোমাদের চাওয়া বুঝতে পারেন। সুতরাং বিশ্বাস রাখো, ধৈর্য ধরো—তিনি তোমাদের হতাশ করবেন না।’
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লা বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় কুমিল্লার জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










