
কুমিল্লায় গত ৪৮ ঘণ্টায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৬৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত ৯৮টি অভিযানে ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ২২ জন মাদক ব্যবসায়ী ও ৭৪ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলায় আরও ১৬৭ জনকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের দিকনির্দেশনায় জেলার সব থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি জানান, অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় মোট ২৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










