
স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আগের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ে আবেদন করে ভোটাররা নিজেদের ভোটার এলাকা পরিবর্তন করতে পারবেন।
একই সঙ্গে অনলাইনে ভোটার এলাকা স্থানান্তরের সেবা চালুর উদ্যোগও নিয়েছে কমিশন। গত ২৩ সেপ্টেম্বর ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এর আগে নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা থাকায় গত ১০ সেপ্টেম্বর থেকে ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে নির্বাচন পিছিয়ে যাওয়ায় এ কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় ইসি।
যেভাবে ভোটার এলাকা পরিবর্তন করা যাবে
ভোটার এলাকা পরিবর্তনে আগ্রহীরা উপজেলা/থানা নির্বাচন অফিস এবং রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়ে নির্ধারিত ফরমে সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় আবেদনকারীর তথ্য যাচাই-বাছাই করবে। নিয়ম অনুযায়ী আবেদন নিষ্পত্তির পর প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করা হবে।
অনলাইনেও মিলবে সেবা
সরাসরি আবেদনের পাশাপাশি অনলাইনে ভোটার এলাকা স্থানান্তরের সেবা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য অনলাইন লিংক সচল করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজারকে নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, অনলাইনে আবেদন গ্রহণ থেকে শুরু করে যাচাই-বাছাই ও নিষ্পত্তির পুরো প্রক্রিয়াও সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ের মাধ্যমে সম্পন্ন হবে।
এ কার্যক্রমের সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের।










