বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় একদিনে মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৮৪ জন

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla -84 arrested in special anti-drug police drive in Cumilla in a single day.
কুমিল্লায় একদিনে মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৮৪

কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৩৪৭ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ বিভিন্ন মামলায় মোট ৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে একযোগে মোট ৫৫টি মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এসব অভিযানে ১ হাজার ৩৪৭ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে ১৬ জন মাদক ব্যবসায়ী ও ২৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় আরও ৪২ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৮৪ জন গ্রেফতার হয়েছেন।

পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরও পড়ুন