
কর্মস্থলে দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের পরিবার এবং জটিল রোগে আক্রান্ত শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা অঞ্চলের পাঁচ জেলার ৯৯ জন শ্রমিক ও তাদের পরিবারের মাঝে প্রায় ৫০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে আঞ্চলিক শ্রম দপ্তর, কুমিল্লার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার।
এ সময় উপকারভোগীদের হাতে চেক তুলে দেন আঞ্চলিক শ্রম দপ্তর, কুমিল্লার উপপরিচালক মো. আবুল বাশার, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. শাহ্ আলম শফি, আঞ্চলিক শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা গোলাম সহিদ সারোয়ারসহ সংশ্লিষ্টরা।
আঞ্চলিক শ্রম দপ্তর সূত্রে জানা গেছে, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা এবং জটিল রোগে আক্রান্ত শ্রমিকদের চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য এ অনুদান দেওয়া হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আওতায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সহায়তাপ্রাপ্তদের মধ্যে কুমিল্লার পাশাপাশি লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী ও নোয়াখালী জেলার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। পাঁচ জেলার মোট ৯৯ জন উপকারভোগীর মাঝে প্রায় ৫০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের এ উদ্যোগ কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।










