মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির শেষ সময় ৫ নভেম্বর

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি : সংগৃহীত

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের জন্য করা আবেদন নিষ্পত্তির শেষ সময় আগামী ৫ নভেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ কার্যক্রম শেষে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকায় অন্তর্ভুক্ত ভোটাররাই সংশ্লিষ্ট স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী বছরের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনের তফসিল সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।

ভোটার তালিকা চূড়ান্ত হবে ২৫ নভেম্বর

সোমবার (২০ অক্টোবর) দেওয়া এক নির্দেশনায় নির্বাচন কমিশন দেশের সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে যারা চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে ভোটার ডেটাবেজে নিবন্ধিত হবেন, তাদের অন্তর্ভুক্ত করে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করা হবে।

এ লক্ষ্যে আগামী ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর তালিকা নিয়ে উত্থাপিত দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর পর্যন্ত। আবাসস্থল পরিবর্তনের কারণে যারা ভোটার এলাকা স্থানান্তর করতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এসব আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গত আগস্টে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা করেছিল ইসি। সে সময় নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু এবং সেপ্টেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা ছিল। এ জন্য ভোটার তালিকা মুদ্রণের কাজও শুরুর উদ্যোগ নেওয়া হয়েছিল।

আরও পড়ুন