মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬

ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষে কাজ করতে হবে: আইনমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Everyone must work in support of the candidate nominated by the party for the Union Parishad (UP) elections- Law Minister
ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষে কাজ করতে হবে: আইনমন্ত্রী/ছবি : সংগৃহীত

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, দলের সব নেতাকর্মীকে তার পক্ষেই কাজ করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ বাধা সৃষ্টি করলে দলে তার কোনো জায়গা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, স্থানীয় নির্বাচনে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দেবেন। প্রতিটি ইউনিয়নের বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর নিজস্ব কম্পিউটার ব্যবস্থায় সংরক্ষিত থাকবে। নির্দেশনা না মেনে দলের ভেতরে যারা মুনাফেকি করবেন, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না।

তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি জয়ী হওয়ার মতো প্রার্থী খুঁজছে। দলের বড় কোনো নেতা মনোনয়ন পাওয়ার পরও যদি তার পরাজয়ের আশঙ্কা থাকে, তাহলে তিনি যত বড় নেতাই হোন না কেন, তাকে নির্বাচনে সুযোগ দেওয়া হবে না।

আসাদুজ্জামান বলেন, “আমার দল যদি না জেতে, তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কী হবে? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসতো, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছু যাবে-আসবে না।”

দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী বলেন, দল তার কাছে সবচেয়ে বড় আমানত। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিকল্প কিছু করলে কিংবা দলের সঙ্গে মুনাফেকি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার তারও রয়েছে। দলের কর্মকাণ্ড ও নেতাকর্মীদের ভূমিকার ওপর নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

আরও পড়ুন