সোমবার ১৫ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হজযাত্রীর হারানো লাগেজ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫ জন

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - Two villagers clash over lost luggage of Haj pilgrim in Kasba, Brahmanbaria, 15 injured
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হজযাত্রীর হারানো লাগেজ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫ জন/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১৩ জুন) দুপুর আড়াইটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছর শাহপুর গ্রামের এক বৃদ্ধা হজ পালন করতে সৌদি আরবে যান। সেখানে তিনি তার একটি লাগেজ হারিয়ে ফেলেন। দেশে ফিরে হারানো লাগেজের বিষয়ে জানতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আড়াইবাড়ি গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিন পরিচালিত কসবা হজ কাফেলা অফিসে যান।

এ সময় কাফেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে জানানো হয়, হারিয়ে যাওয়া লাগেজের দায়ভার হজযাত্রীর নিজস্ব এবং এ বিষয়ে তাদের কিছু করার নেই। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

এরই জেরে শনিবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। সংঘর্ষ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এদিকে সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন।

আরও পড়ুন