
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জমির সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের পর ব্যাপক সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর ) জুমার নামাজের পর আব্দুল আউয়াল গ্ৰুপ ও ফজলুল হকের গ্ৰুপের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় দুই সন্তানের জনক নাজিম মোল্লা নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
নিহতের খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্তদের দাবি, অন্তত অর্ধশতাধিক বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র, গরু-বাছুর, হাঁস-মুরগি ও ধান-চাল লুট করে নেওয়া হয়েছে।
ভুক্তভোগীরা জানান, হামলার ভয়ে অনেকেই বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। বর্তমানে গ্রামটি অনেকটাই পুরুষশূন্য হয়ে পড়েছে এবং চারদিকে ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখা যাচ্ছে।
নাসিরনগর থানার উপ পুলিশ পরিদর্শক এসআই জাহান আলী জানান, জমি সংক্রান্ত বিরোধে ১ জন নিহত হয়েছেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, রাতের অন্ধকারে কিছু বাড়ি লুটপাট হয়েছে বলে ও তিনি জানান।










