
ফেনী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্র জানায়, কুমিল্লা সেক্টরের অধীন ফেনী সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর সাড়ে ৪টা এবং সকাল ৭টা ৪০ মিনিটে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি এবং ফুলগাজী উপজেলার কমুয়া বিওপি’র বিশেষ টহলদল সীমান্তের ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা এলাকা এবং ১০০ গজ অভ্যন্তরে পৈথরা এলাকায় মালিকবিহীন অবস্থায় দুটি যানবাহন ও বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করে।
বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া শাড়ি ও দুটি যানবাহনের সম্মিলিত বাজারমূল্য প্রায় ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, “সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।”








