
বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটিয়ে আবারও নতুন রঙের সমন্বয়ে পোশাক নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের সদস্যদের পছন্দ এবং বাহিনীর ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে ইউনিফর্মে গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রং পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব উঠেছে।
সম্প্রতি বাংলাদেশ পুলিশ সদর দফতরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের একটি খসড়াও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে পুলিশের শার্টের রং ‘লোহার রঙ’ এবং প্যান্টের রং ‘কফি রঙ’ নির্ধারণ করা হয়েছিল। তবে এই রঙ নিয়ে বাহিনীর ভেতরেই ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ইউনিফর্মের রং সদস্যদের স্বাচ্ছন্দ্য ও বাহিনীর ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পুনর্বিবেচনা করেন। পরবর্তীতে বিভিন্ন রঙের নমুনা যাচাই-বাছাই করে নতুন এই রঙের প্রস্তাব চূড়ান্ত করা হয়।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের সদস্যরা হালকা অলিভ (জলপাই) রঙের শার্ট পরবেন। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ব্যতীত পুলিশের অন্যান্য সাধারণ ইউনিটের শার্টের রং হবে গাঢ় নীল। তবে সব ইউনিটের জন্য প্যান্টের রং অভিন্ন রাখা হয়েছে, যা হবে ‘টিসি টুইল খাকি’।
ইউনিফর্ম পরিবর্তনের ফলে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না বলেও জানানো হয়েছে। কারণ, সরবরাহের প্রাপ্যতার ভিত্তিতে ধাপে ধাপে নতুন ইউনিফর্ম চালু করা হবে। বর্তমানে প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।









