
দেশের অধস্তন আদালতগুলোর কার্যক্রম আরও কার্যকরভাবে তদারকির লক্ষ্যে মনিটরিং কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। এ বিষয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আটটি বিভাগের জন্য পৃথকভাবে মোট ১৩টি “মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস” গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির দায়িত্বে হাইকোর্ট বিভাগের একজন করে বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে।
পাশাপাশি কমিটিগুলোর প্রশাসনিক ও সাচিবিক সহায়তার জন্য ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা-১ বিভাগে (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল) বিচারপতি জে বি এম হাসান, ঢাকা-২ বিভাগে (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর) বিচারপতি ফাতেমা নজীব, রাজশাহী-১ বিভাগে (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর) বিচারপতি সরদার মো.রাশেদ জাহাঙ্গীর, রাজশাহী-২ বিভাগে (বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ), বিচারপতি মো.হাবিবুল গনিকে দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া খুলনা-১ বিভাগে (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল) বিচারপতি মো.মুজিবুর রহমান মিয়া, খুলনা-২ বিভাগে (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা) বিচারপতি মো.জাফর আহমেদ, চট্টগ্রাম-১ বিভাগে (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) বিচারপতি এস এম কুদ্দুস জামান এবং চট্টগ্রাম-২ বিভাগে (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) বিচারপতি আহমেদ সোহেলকে দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে রংপুর-১ বিভাগে (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, রংপুর-২ বিভাগে (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী) বিচারপতি কে এম হাফিজুল আলম, বরিশাল বিভাগে বিচারপতি শেখ মো. জাকির হোসেন, ময়মনসিংহ বিভাগে (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা) বিচারপতি রাজিক আল জলিল এবং সিলেট বিভাগে (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ) বিচারপতি মো. আতাবুল্লাহকে দায়িত্ব দিয়েছেন।







