
জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর জোর দিয়েছেন তিনি।
একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সংখ্যক প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ এবং তাদের মধ্যে যথাযথভাবে দায়িত্ব বণ্টনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে স্থানীয় সরকার বিভাগের আওতাভুক্ত অনুমোদিত (সবুজ পাতায়) ও প্রস্তাবিত নতুন প্রকল্পগুলোর অনুমোদন ও পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত সভায় তিনি এসব নির্দেশনা দেন।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিও উপস্থিত ছিলেন।
সভায় ঢাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো নিয়মিত পরিষ্কার ও কার্যকর রাখার ওপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। পাশাপাশি পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং সুয়ারেজ ট্রিটমেন্টের মাধ্যমে পরিশোধিত পানি নদীতে নির্গমনের ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সরকারের পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন থাকতে হবে। ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা প্রণয়নের ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, একই ধরনের প্রকল্পগুলো ক্লাস্টারভিত্তিকভাবে সমন্বয় করা হলে প্রকল্পের পুনরাবৃত্তি ও কাজের ওভারল্যাপ কমানো সম্ভব হবে। এতে সরকারি সম্পদের অপচয় কমার পাশাপাশি প্রকল্পের কার্যকারিতা বাড়বে।
গুরুত্বপূর্ণ কোনো প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজন হলে সম্পূরক প্রকল্প গ্রহণ করা যেতে পারে বলেও উল্লেখ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং নিয়মিত অগ্রগতি পর্যালোচনার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রকল্পের প্রয়োজন অনুযায়ী পরিধি পুনর্নির্ধারণ, রি-স্কোপিং এবং একাধিক প্রকল্প একীভূত (মার্জার) করার মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার কথাও বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান সভাপতিত্ব করেন।
এ সময় পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান মো. বাবুল মিঞা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমান, ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা ও ফোকাল পারসনরা উপস্থিত ছিলেন।









