সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চালু হল ‘আমার কুমিল্লা’ নাগরিক সেবা অ্যাপ, ঘরে বসেই জানানো যাবে কুসিকে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Amar Cumilla citizen service app launched, complaints can now be lodged with the City Corporation from the comfort of home.
চালু হল ‘আমার কুমিল্লা’ নাগরিক সেবা অ্যাপ, ঘরে বসেই জানানো যাবে কুসিকে অভিযোগ

নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত করতে ‘আমার কুমিল্লা’ নামে স্মার্ট নাগরিক সেবা অ্যাপ চালু করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। এ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই নগরের বিভিন্ন সমস্যা ও নাগরিক দুর্ভোগের অভিযোগ ছবি ও বিবরণসহ সিটি কর্পোরেশনকে জানাতে পারবেন নগরবাসী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, সনাক কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খানসহ আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নির্দিষ্ট কিউআর (QR) কোড স্ক্যান করে মোবাইল ফোনে ‘আমার কুমিল্লা’ অ্যাপটি ডাউনলোড করা যাবে। এর মাধ্যমে নগরবাসী নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক দুর্ভোগের তথ্য সরাসরি সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানাতে পারবেন।

তিনি বলেন, কোনো সমস্যা বা অভিযোগ পাওয়ার পর তা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। দায়িত্ব পালনে কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কুসিক প্রশাসক আরও বলেন, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সঙ্গে সিটি কর্পোরেনের যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে নগরের বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, অ্যাপটির মাধ্যমে সড়কবাতি বন্ধ থাকা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ সমস্যা, সড়ক সংস্কারসহ বিভিন্ন নাগরিক সমস্যার অভিযোগ ছবি ও বিবরণসহ পাঠানো যাবে।

অভিযোগ নিবন্ধিত হওয়ার পর তা সংশ্লিষ্ট বিভাগে পৌঁছাবে। এরপর সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে নাগরিকদের সিটি করপোরেশনে সরাসরি গিয়ে অভিযোগ জানানোর প্রয়োজন কমবে এবং নাগরিক সেবা আরও দ্রুত ও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন