
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী চলমান অভিযানে আরও ৪১৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত তৃতীয় দফায় অভিযান চালিয়ে জেলার ১৮টি থানার পুলিশ ইউনিট ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একযোগে এ অভিযান পরিচালনা করে।
কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে এমন বিভিন্ন স্থান, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে আটক ৪১৫ জনের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে দুই দফায় কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ৮৭৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে যাদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আর অপরাধের সংশ্লিষ্টতা না পাওয়া ব্যক্তিদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলার ১৮টি থানায় সমন্বিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।










