মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে জেলেদের ৫ টন চাল চুরির অভিযোগ, ইউপি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - UP official temporarily suspended over allegation of stealing 5 tonnes of rice meant for fishermen in Chandpur.
ছবি : সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের নিবন্ধিত জেলেদের জন্য বরাদ্দ করা চাল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) গোলাম মোস্তফা শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

জেলা প্রশাসক জানান, গত রোববার চাল জব্দের পরপরই ওই প্রশাসনিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তিন সদস্যের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদে চালের ঘটনায় তাঁর প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তিনি চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত রোববার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম অভিযান চালিয়ে একটি মিনি ট্রাকসহ প্রায় পাঁচ টন চাল জব্দ করেন। জব্দ করা চালের পরিমাণ ৪ হাজার ৯৩০ কেজি। পরে চালগুলো চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের (সিএসডি) গোডাউনে সংরক্ষণ করা হয়।

চালক শাহাদাত হোসেন জানান, তিনি চাঁদপুর সিএসডি গোডাউন থেকে চালগুলো নিয়ে কুমিল্লার লাকসামের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে হাজীগঞ্জে পৌঁছানোর পর তাঁকে চালগুলো ফিরিয়ে আনতে বলা হয়। জব্দ করা চালের বিক্রয় রসিদে (টোকেন) ৪ হাজার ৯৩০ কেজি চালের পরিমাণ উল্লেখ থাকলেও সেখানে কোনো মালিকের নাম ছিল না।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে ক্ষতিগ্রস্ত নিবন্ধিত জেলেদের মধ্যে বিতরণের জন্য সরকার চাল বরাদ্দ দিয়েছে। এর অংশ হিসেবে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ হাজার ৯৭০ জন জেলের জন্য মোট ১১ দশমিক ২৫ টন চাল বরাদ্দ করা হয়।

তবে নির্ধারিত সময়ে জেলেদের মধ্যে ওই চাল বিতরণ না করে আত্মসাতের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাল জব্দের পর তদন্ত শুরু করে প্রশাসন। তদন্তে প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি নিয়ে প্রশাসনিক তদন্ত ও বিভাগীয় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন