
ফেনী শহরের যানজট নিরসন ও নাগরিক ভোগান্তি কমাতে একাধিক উদ্যোগ নিচ্ছে ফেনী পৌরসভা। এর মধ্যে রয়েছে ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, বহুতল ভবনে পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা, সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ এবং ব্যাটারিচালিত অটোরিকশা নিবন্ধনের আওতায় এনে সংখ্যা সীমিত করা।
পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ, হকারদের পুনর্বাসন এবং নির্ধারিত সময়ে শহরে ট্রাক চলাচল নিশ্চিত করার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ফেনী পৌরসভার শহর সমন্বয় কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
সভায় পৌরসভার প্রশাসক নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, নাগরিকদের সেবা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। বর্জ্য অপসারণ, যানজট নিরসন ও পানি সরবরাহসহ বিভিন্ন নাগরিক সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সবার সহযোগিতা প্রয়োজন। পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা অব্যাহত রাখতে নির্ধারিত সময়ে পৌরকর পরিশোধের জন্যও তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ফেনী পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অত্যাধুনিক ফগার মেশিন আনা হয়েছে। এখন থেকে নিয়মিত মশার ওষুধ ছিটানো হবে। তবে ডেঙ্গুর বিস্তার রোধে শুধু পৌরসভার উদ্যোগ যথেষ্ট নয়; বাসাবাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে।
পার্কিং ছাড়া বহুতল ভবনের অনুমোদন নয়
শহরের যানজট কমাতে বহুতল ভবনে পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন পৌর প্রশাসক। তিনি বলেন, পার্কিংয়ের জায়গা ছাড়া কোনো বহুতল ভবনের অনুমোদন দেওয়া হবে না। আগে পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা ভাড়া দিয়ে সেখানে দোকানপাট গড়ে তোলা হয়েছে, এমন কিছু অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে। শিগগিরই জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে।
শহরের ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি হকারদের স্থায়ীভাবে পুনর্বাসনের উপায় নিয়েও ভাবছে পৌরসভা। এ ক্ষেত্রে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া যানজট কমাতে সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ এবং ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে চলাচলকারী যানবাহনের সংখ্যা সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শহরের নির্ধারিত সময়ে ট্রাক চলাচল নিশ্চিত করতে পুলিশের সহযোগিতাও কামনা করেন পৌর প্রশাসক।
সভায় উপস্থিত ছিলেন যারা
পৌর প্রশাসক নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুদ্দিন, মেডিকেল অফিসার ডা. কেপি সাহা, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী ডায়াবেটিক সমিতির সহসভাপতি আনম আবদুর রহিম ও সামিউল হক শাহীন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নব বানু এবং পৌর মহিলা দলের সভাপতি রোকসানা আক্তারসহ অন্যরা।










